ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত নিহত অন্তত ২২

ইউক্রেনের খারকভ এলাকায় দেশটির সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পরে অবতরণের সময় বিমনটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন খারকভের গভর্নর ওলেক্সিয়ে কুচের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ঘটনাটি নিশ্চিত করেছে।

দেশটির বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সেনা ও ক্যাডেট সদস্যসহ বিমানটিতে অন্তত ২৮ আরোহী ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চারজন এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।  দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রানওয়েতে বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। এরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ছুটে যান ঘটনাস্থলে। কিন্তু আগুনের তীব্রতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়।