পদ্মায় নৌকাডুবি

রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিখোঁজ ২

রাজশাহী নগরীর হারুপুর এলাকার পদ্মা নদীতে ১৩ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১১ জন তীরে আসতে পারলেও নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ দুজন। তাদের উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা।

নিখোঁজরা হলেন নগরীর খোলাবোনা এলাকার সাজাহান আলীর মেয়ে সাদিয়া ইসলাম সূচনা (২০)। তিনি আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী। অন্যজন ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে রিমন (১৪)। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

উদ্ধার হওয়া নৌকার যাত্রী ইশতিয়াক আহম্মেদ হৃদয় বলেন, ‘নৌকায় মোট ১৩ জন যাত্রী ছিলেন। তারা নৌকা নিয়ে ঘুরছিলেন। আইবাঁধ বিজিবি ক্যাম্পের কাছে নৌকাটি একটি ঢেউয়ের পাকে পড়ে ডুবে যায়।’

মহানগর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহদী মাসুদ জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দুটি ইউনিট এবং নৌ-পুলিশ সদস্যরা কাজ করছেন।