ভূমধ্যসাগরে নৌকাডুবি

১৬ জনের মৃত্যুর শঙ্কা, বাংলাদেশিসহ উদ্ধার ২২

লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১৬ জনের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)। নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২২ জনকে। এই ঘটনায় এখনো নিখোঁজ আছে ১৩ জন।

গতকাল শুক্রবার আইওএমের বরাতে আলজাজিরার এক খবরে বলা হয়েছে, মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন সিরিয়ার এবং একজন ঘানার নাগরিক। উদ্ধার হওয়াদের মধ্যে রয়েছে মিসর, বাংলাদেশ, সোমালিয়া, নাইজার ও ইথিওপিয়ার নাগরিক। নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া না গেলেও জাতিসংঘের সংস্থাটির ভাষ্য, নৌকাডুবির সময় তাতে অন্তত ৩৫ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।

লিবিয়ার কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি গত বুধবার সন্ধ্যায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলীয় উপকূল থেকে যাত্রা শুরু করে।

নৌকর্মকর্তা মাসউদ আবদাল সামাদ জানান, এখন শরৎ মৌসুম চলছে। বাতাস শুরু হলে সাগরে ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়। এ নৌকাটিও হয়তো বৈরী আবহাওয়ার কারণে ডুবে থাকতে পারে, তবে বিষয়টি নিশ্চিত নয়।

সাম্প্রতিক সময়ে লিবিয়া উপকূলে একের পর এক অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা ঘটছে। এতে হতাহতদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যাও কম নয়। অবৈধভাবে ইউরোপ যেতে এ রুটটি ব্যবহৃত হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনার খবর আসছে।