পাবনা-৪ উপনির্বাচন আজ

জয়ের জন্য একাট্টা আ.লীগ, পুনরুদ্ধার চেষ্টা বিএনপির

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ শনিবার। সুষ্ঠু ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। দেশে এবারই প্রথম সকাল ৮টার পরিবর্তে ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছাবে সকালে। জয়ের ধারা অব্যাহত রাখতে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে দুই যুগ আগের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসনটিকে এবার হাতছাড়া করতে নারাজ বিএনপি।

১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও এই আসনে সহজ জয় পায় আওয়ামী লীগ। এবার দলীয় প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস আসনটি নিজেদের দখলে রাখতে একাট্টা। অন্যদিকে নির্বাচনে জয়লাভের মধ্যদিয়ে বিএনপির নতুন অভিযাত্রা শুরু হবে বলে মনে করেন বিএনপিপ্রার্থী হাবিবুর রহমান হাবিব। একইভাবে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল করিম জয়ের ব্যাপারে আশাবাদী।

পাবনা জেলার ঈশ্বরদী ও আটঘড়িয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ আসন। এ জেলার ৫টি আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে এই আসনটি বরাবরই বিবেচিত। ১৯৯৬ সাল থেকে টানা ২৪ বছর আসনটি রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দখলে। অপরদিকে, দলীয় গ্রুপিংয়ের কারণে আসনটি বারবারই অধরা থেকে গেছে বিএনপির। এবার আসনটি পুনরুদ্ধারে নেমেছে দলটি।

আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখলে বিশ্বাসী নয়। এ আসনের মানুষ আমাকে ভালোবেসে তাদের ভোট দিয়ে নির্বাচিত করলে প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী যেসব উন্নয়নমূলক কর্মযজ্ঞ হাতে নিয়েছিলেন, তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নসহ সরকারের উন্নয়নমুখী কাজ করতে চাই।

বিএনপিপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এই এলাকার মানুষ বিএনপি সমর্থিত। এখানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে।’

জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, জেলা জাতীয় পার্টির সদস্য রেজাউল করিম বলেন, ক্ষমতাসীন দলের বেপরোয়া মনোভাবপূর্ণ কার্যক্রম চলছে। পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা ও পোড়ানো হয়েছে। কর্মীদের মারধর করা হয়েছে। আমি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার দাবি জানাই।’

ঈশ্বরদী ও আটঘড়িয়া উপজেলার একাধিক সাধারণ ভোটারের সঙ্গে কথা বললে তারা জানান, ভোটকেন্দ্রে যাওয়ার শান্তিপূর্ণ পরিবেশ চাই। এলাকার উন্নয়ন এবং সন্ত্রাস-মাদক নিয়ন্ত্রণে কাজ করবে এমন প্রার্থীকে নির্বাচিত করব।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ বলেন, পাবনা-৪ আসনের উপনির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আর ভোটারদের আস্থা অর্জনে তাদের ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধকরণে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য তারা প্রস্তুত বলেও জানান।

উল্লেখ্য, গত ২ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী ও সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃুত্যতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৯টি।