বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার বেলা ১১টার দিকে শহরের গলাচিপা এলাকায় ঢাকাগামী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে ট্রেন চলাচল বন্ধ হয়।

রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, ঢাকাগামী ট্রেনের মাঝখানের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রেলওয়ের নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শহরের গলাচিপা এলাকায় রেলের একটি বগির এক চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন এসে চাকা উঠিয়েছে। শিগগিরই ট্রেন চলাচল শুরু হবে।