লালমনিরহাটে ট্রাক-ট্রেন সংঘর্ষ ট্রেনচালক আহত

লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রেনচালক জহুরুল ইসলাম আহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের বুড়িমারী রেলস্টেশনের অদূরে ঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিনের একাংশ ক্ষতিগ্রস্ত হয়।

উপজেলার বুড়িমারী স্থলবন্দর রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যায়। স্টেশনের অদূরে উফারমারায় রেললাইনের পাশে থেমে থাকা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনটির ইঞ্জিনের ধাক্কা লাগে। এ সময় ট্রেনের চালক জহুরুল ইসলাম ও সহযোগী ট্রেন থেকে লাফিয়ে রক্ষা পান। দুর্ঘটনার কারণে প্রায় আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বুড়িমারী স্টেশনমাস্টার মোকছেদ আলী বলেন, দুর্ঘটনার কারণে ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে। এ কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। তবে আধা ঘণ্টা পরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার তাপস কুমার বলেন, ইঞ্জিনের সামান্য ক্ষতি হয়েছে। আহত ট্রেনচালককে লালমনিরহাটে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।