সীতাকুণ্ডের কুমিরা বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক প্রভাষক ও সীতাকুণ্ড পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক রণজিৎ সাহা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারো আউলিয়া এলাকার মৃত বিনোদবিহারীর ছেলে। শনিবার রাত দশটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রনজিৎ সাহার স্ত্রীর ছোট ভাই সিসিসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রওনকময় চৌধুরী।
তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর করোনা আক্রান্ত হওয়ার পর চট্টগ্রামের বেসরকারি মেডিকেল সেন্টার ক্লিনিকে দুদিন চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকা স্কয়ার হাসপাতাল ভর্তি করানো হয় অধ্যাপক রণজিৎ সাহাকে। সেখানে দীর্ঘ তিন সপ্তাহ চিকিৎসার পর গতকাল শনিবার দুপুরের দিকে চিকিৎসকরা তার অবস্থার আরও অবনতি হওয়ার কথা জানান। পরে রাত দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে অধ্যাপক রনজিৎ সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সীতাকুণ্ড পৌর সদর বাজার কমিটির নেতৃবৃন্দ, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।