রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পিপিপি বা লিজ নয়, আধুনিকায়ন করে রাষ্ট্রীয় পাটকল চালু করার দাবি জানিয়েছেন চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোট।
রবিবার নগরীর চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা আয়োজিত এক সমাবেশ এ দাবি করেন বক্তারা।
বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক কমরেড অশোক সাহা, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি, বাসদ জেলা কমিটির সদস্য মহিন উদ্দিন, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া।
সমাবেশে সিপিবি জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘সরকার স্বেচ্ছাচারী কায়দায়, একতরফাভাবে রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বন্ধ করার সময় বলা হয়েছিল, তিন দিনের মধ্যে শ্রমিকদের বকেয়া টাকার হিসাব ও সেপ্টেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধ করা হবে। অথচ সেপ্টেম্বরমাস শেষ হতে চললেও, অল্প কিছু শ্রমিক ছাড়া কাউকে বকেয়া পরিশোধ করা হয়নি। প্রথমে বলা হয়েছিল, আধুনিকায়ন করে ছয় মাসের মধ্যে পুনরায় পাটকল চালু করা হবে। এরপর একবার বলা হলো পিপিপিতে দেওয়া হবে, লিজ দেওয়া হবে না। সম্প্রতি পাটমন্ত্রী বললেন, ৯৯ বছরের জন্য ব্যবসায়ীদের লিজ দেওয়া হবে। বাস্তবে পিপিপি বা লিজ বেসরকারিকরণেরই ছদ্মনাম, এর মাধ্যমে জনগণের সম্পদ ব্যক্তিমালিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে।’
বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ বলেন, ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে যেখানে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে আধুনিকায়ন করে লাভজনক করা যেত, সেখানে ৬ হাজার কোটি টাকা ব্যয় করে পাটকল বন্ধ করার সিদ্ধান্ত দেশি-বিদেশি পুঁজিপতিদের স্বার্থেই নেওয়া হয়েছে। দেশে-বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার স্বার্থে রাষ্ট্রীয় পাটকল বন্ধ করা হচ্ছে।