চিনিকল বন্ধ বা শ্রমিক ছাঁটাইয়ের পরিকল্পনা নেই

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ বা শ্রমিক ছাঁটাইয়ের কোনো পরিকল্পনা নেই। বরং চিনিকলগুলো আধুনিকায়ন ও বিকল্প আয়ের ব্যবস্থা করে লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চিনিকলগুলো লাভজনক করতে ইক্ষু গবেষণা জোরদারের মাধ্যমে উন্নত জাতের আখ উৎপাদনের পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণের উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে।

গতকাল রবিবার চলতি অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা জানান। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার উপস্থিত ছিলেন। শিল্প সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও করপোরেশনের প্রধান উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ করে শ্রমিকদের কর্মহারা করার প্রশ্নই ওঠে না।