সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ এবং খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তরুণীকে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল রবিবার খুলনা, বাগেরহাট ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে মহিলা পরিষদ, ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
খুলনা : বেলা ১১টায় বিএনপির কেডি ঘোষ রোডের কার্যালয়ের সামনে মানববন্ধন করে খুলনা জেলা ও মহানগর ছাত্রদল। এতে বক্তৃতা করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এস এম শফিকুল আলম মনা, অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ আবদুর রশিদ, আবু হোসেন বাবু প্রমুখ।
অপরদিকে, দুপুর ১২টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচিতে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে দিন দিন অপরাধ প্রবণতা বাড়ছে। এসব ঘটনায় দায়ীদের এমন শাস্তি দিতে হবে, যেন কেউ আর এমন অপরাধ করার সাহস না পায়। একই সঙ্গে পরিবার থেকে এসব জঘন্য ঘটনার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে।
বাগেরহাট : বেলা সাড়ে ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তারা বলেন, অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পারভীন আহমেদ, সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, সাবেক সভাপতি তহুরা হোসেন, বাগেরহাট পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর তানিয়া খাতুন প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : সকালে উপজেলার কাঞ্চন মায়ারবাড়ি এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতা আবু মাসুম ও সুলতান মাহমুদের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আজিম সরকার, মেহেদী হাসান রিপন, আকিব হাসান, নাসিম হোসেন প্রিন্স, আরিফ হাসান, সজল মিয়া প্রমুখ।