পাটকল চালুর দাবি

খুলনায় ডিসি অফিস ঘেরাও, সিরাজগঞ্জে সমাবেশ

বন্ধ করে দেওয়া খুলনা অঞ্চলের নয়টিসহ রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল চালু, আধুনিকীকরণ, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পাওনা এককালীন পরিশোধসহ ১৪ দফা দাবিতে গতকাল রবিবার খুলনা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ।

এ ছাড়া সিরাজগঞ্জে জাতীয় জুটমিলসহ বন্ধ সব পাটকল চালু ও শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পলিত হয়েছে। খুলনা নগরে পদযাত্রা শেষে বেলা ১টা পর্যন্ত কর্মসূচি পালিত হয়। এ সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ করেন সংগঠনটির নেতারা।

সিরাজগঞ্জে গতকাল সকালে শহরের মুক্তির সোপান এলাকায় সিরাজগঞ্জ পাটকল ও পাটচাষি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে পাটচাষি ও পাটকল শ্রমিকরা সমবেত হন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাতীয় স্বার্থে সব পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানান।