পাবনা-৪ উপনির্বাচন

জামানত হারালেন বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টির দুই প্রার্থী জামানত হারিয়েছেন।

গত শনিবার অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৯০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট এবং জাতীয় পার্টির রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট।

গতকাল রবিবার সকালে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে নুরুজ্জামান বিশ্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়।

তিনি জানান, উপনির্বাচনে মোট ভোটার ছিল ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। ১২৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ২ লাখ ৪৮ হাজার ৬১৩। মোট ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় জামানত হারিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও জাতীয় পার্টির রেজাউল করিম।