নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ফের বন্ধ করা হয়েছে। সীমিত আকারে চালুর ১২ দিনের মাথায় গতকাল রবিবার দুপুর থেকে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষদের ফের দুর্ভোগে পড়তে হলো।
গতকাল রাত ৯টা পর্যন্ত শিমুলিয়া ঘাটে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, কাঁঠালবাড়ী থেকে ছোট আকারের ফেরি শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মা সেতুর কাছে পানির গভীরতা কম থাকায় ফিরে যেতে বাধ্য হয়। ড্রেজিং চলছে নাব্য ফেরাতে পারলে আবার চালু হবে।
তিনি জানান, চ্যানেলে প্রচুর পরিমাণে পলি জমা পড়ছে। এতে পানির গভীরতা ৬ ফুট হয়ে গেছে। কিন্তু ফেরি চলাচলের জন্য চ্যানেলে কমপক্ষে ৮ ফুট পানি দরকার।
গেল ১৮ সেপ্টেম্বর বিকেল থেকে পদ্মা সেতু চ্যানেলে ছোট আকারের ফেরিগুলো দিনের বেলায় চলছিল। এ নিয়ে চলতি মাসে চার দফা ফেরি বন্ধ হলো। গত ৩ সেপ্টেম্বর বন্ধ হয়ে চালু হয় ১১ সেপ্টেম্বর। এরপর আবার ১৩ সেপ্টেম্বর বন্ধ হয়ে চালু হয় ১৫ সেপ্টেম্বর। ১৭ সেপ্টেম্বর আবার বন্ধ হয়ে ১৮ সেপ্টেম্বর সীমিত আকারে চালু হয়।