দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে অতীতের মতো এখনো শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, যারা দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রতিপক্ষ তারাই শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।
গতকাল রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ‘শেখ হাসিনার জীবন কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গ্রন্থটির প্রশংসা করে এর রচয়িতা সাংবাদিক শাবান মাহমুদকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসেও জননেত্রী শেখ হাসিনা কখনো বিচলিত হননি, দ্বিধান্বিত হননি। বরং আরও প্রত্যয়ী হয়ে, আরও দীপ্ত পদভারে নিজেকে মানুষের সংগ্রামের কাতারে এগিয়ে নিয়েছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন।
তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা পেয়েছে, স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বাধীনতার পরাজিত শক্তি ও তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল এবং দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংঘটিত হয়। আজকেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে তার রাজনৈতিক প্রতিপক্ষ, যারা দেশের উন্নয়ন অগ্রগতি ও দেশেরও প্রতিপক্ষ, তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সেজন্যই মধ্যপ্রাচ্যে গোপন বৈঠক হয়, ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় নানা ধরনের বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাংবাদিক নঈম নিজাম এবং শাবান মাহমুদ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন।