বহু বছরের বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজান বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এই সংঘাতে কমপক্ষে আজারবাইজানের একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
আর্মেনিয়া বলছে, আজারবাইজান প্রথমে বিমান ও কামান দিয়ে হামলা শুরু করেছে। পরে তারা এর জবাব দেওয়া শুরু করেছে এবং সামরিক বাহিনী ওই অঞ্চলে হামলার জন্য সংঘবদ্ধ হয়েছে। অপরদিকে আজারবাইজান বলছে, চারদিক থেকে শুরু হওয়া গোলাবর্ষণের জবাব দিয়েছে তারা। দুপক্ষই জানিয়েছে, এই সংঘাতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। বিতর্কিত ওই অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বিরোধ চলছে। গত কয়েক মাসে বেশ কয়েকবার তারা সংঘাতে জড়িয়ে পড়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দুই দেশকেই তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া। আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশই সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা দুটি স্বাধীন দেশে পরিণত হয়।
প্রায় চার দশক ধরে নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরোধ চলছে। প্রায়ই এই বিরোধ সংঘাতে রূপ নিচ্ছে। এতে বহু বেসামরিক লোক প্রাণ হারাচ্ছে। নাগোরনো-কারবাখ অঞ্চলকে আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এটি এখনো আর্মেনিয়ান নৃগোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।
গত জুলাইয়ে সীমান্তে দুপক্ষের মধ্যে লড়াইয়ে কমপক্ষে ১৬ জন নিহত হয়। এর পরই আজারবাইজানের রাজধানী বাকুতে বিশাল জনসমাবেশ হয়, যা কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বলে উল্লেখ করা হয়েছে। সমাবেশে বিতর্কিত ওই অঞ্চলে পূর্ণ সামরিক অভিযান এবং তা দখল করে নেওয়ার দাবি তোলা হয়।