আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেটের এমসি কলেজে বেড়াতে গিয়ে ধর্ষণের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। গতকাল রবিবার দুপুরে ‘প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশে আইন নিজস্ব গতিতে চলছে। বিচার বিভাগের ওপরও সরকারের কোনো হস্তক্ষেপ নেই। দেশের মানুষ দেখেছে, নিজ দলের সমর্থক কিংবা নেতারাও অপরাধী হলে সরকার আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দেয়নি। সিলেটে এমসি কলেজের ঘটনায়ও শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে। অপরাধী যেই হোক ছাড় পাবে না।’
বিএনপির নির্বাচনে অংশগ্রহণও একধরনের ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি উপনির্বাচনে অংশ নেওয়ায় আমরা স্বাগত জানিয়েছিলাম। কিন্তু তাদের নির্বাচনে অংশগ্রহণও একধরনের ষড়যন্ত্রের অংশ। নির্বাচনে প্রচার না চালিয়ে, পোলিং এজেন্ট না দিয়ে, মাঠে না থেকে, অভিযোগের পর অভিযোগ করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার বিএনপির যে পুরনো কৌশল তাতে মরিচা ধরে গেছে। জনগণ আর বিএনপির মিথ্যাচারে বিশ্বাস করে না।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘দলের কর্মীরা নির্বাচন করতে চাইলেও নেতারা দিচ্ছেন না। তারা জনগণের মনের কথা তো বোঝেই না, দলের কর্মীদের মনের কথাও বুঝতে পারে না। লোক দেখানো অংশগ্রহণে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতৃত্বের ওপর ক্ষুব্ধ। নির্বাচনে হারার আগেই হেরে যাওয়ার দ্বান্দ্বিক বৃত্ত থেকে বিএনপি এবারও বেরিয়ে আসতে পারেনি। স্বতঃস্ফূর্তভাবে জনগণের উপনির্বাচনে অংশগ্রহণ এবং আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের প্রতি জনমানুষের আস্থা আবারও প্রমাণিত হয়েছে।’
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতির মাধ্যমে মানবকল্যাণই শেখ হাসিনার রাজনীতির দর্শন। তার রাজনীতির মূলমন্ত্র হলো জনগণের জীবনমান উন্নয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মেহনতি-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে যেমন দৃঢ়প্রতিজ্ঞ, তেমনি মুক্তিযুদ্ধের চেতনায় একটি উদার গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশেরও প্রতিচ্ছবি।’