ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কুকুর স্থানান্তরিত করার উদ্যোগকে চ্যালেঞ্জ জানিয়ে করা রিট আবেদনের শুনানি আগামী ৬ অক্টোবর পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ ও রিট আবেদনকারীর আইনজীবীর করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
দুপক্ষের আইনজীবীরা জানান, ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস আগামীকাল মঙ্গলবার রিট আবেদনকারী ও সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বৈঠক করে কুকুর স্থানান্তরের বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবেন। রিট আবেদনের শুনানির আগে হাইকোর্ট বেঞ্চের কাছে বৈঠকের ফলাফলের জন্য অপেক্ষা করার আবেদন করেন তারা।
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবং প্রাণী কল্যাণমূলক সংস্থা অভয়ারণ্য ও পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ১৭ সেপ্টেম্বর জনস্বার্থে হাইকোর্টে এই রিট আবেদন করেন। যাতে ঢাকার কুকুরগুলোকে স্থানান্তরিত করে মাতুয়াইলের ল্যান্ডফিল্ডে রেখে আসার বিষয়ে ডিএসসিসির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত চাওয়া হয়। আবেদনে তারা ডিএসসিসি গৃহীত ব্যবস্থার বৈধতাকে চ্যালেঞ্জ জানান। একই সঙ্গে এই সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা দেওয়ার জন্য সরকার ও ডিএসসিসিকে জবাব দেওয়ার নির্দেশ দিতে আহ্বান জানানো হয়।
রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
ব্যারিস্টার সাকিব মাহবুব বলেন, ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস ২৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় আলোচনার জন্য সময় দিয়েছেন। সেখানে রিট আবেদনকারীসহ এ নিয়ে আন্দোলনকারী ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এ বিষয়টি অবহিত করার পর আদালত রিট আবেদনের শুনানি ওই সময় পর্যন্ত মুলতবি করে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও একই যুক্তিতে শুনানি পেছানোর আবেদন করেন বলে জানান সাকিব মাহবুব।
তিনি বলেন, ‘যেহেতু এ নিয়ে আলোচনা হবে তাই শুনানি পেছানোর আবেদন করেছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণে রাখছি। আলোচনায় যদি ফলপ্রসূ কোনো বিষয় আসে, তাহলে হাইকোর্টকে সেটি অবহিত করব।’
সম্প্রতি ঢাকা মহানগর থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের উদ্যোগ নেয় ডিএসসিসি। কুকর সরানোর পদ্ধতি নিয়ে সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৭ সেপ্টেম্বর রিট আবেদনটি করা হয়। রিটকারীদের আইনজীবী জানান, ২০১৯ সালের প্রাণী কল্যাণ আইনের ৭ ধারা অনুযায়ী কুকুরসহ বেওয়ারিশ প্রাণী অপসারণ করা যাবে না। কিন্তু টিএসসি ও ধানম-ি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইলে ছেড়ে দিচ্ছে ডিএসসিসি।