জয়পুরহাট, নেত্রকোনা

ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নববধূকে দল বেঁধে ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের জিরো পয়েন্টে জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে এ কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক সুন্দরী উড়াও।

এ সময় বক্তব্য দেন বাসদের জেলা আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, জেলা টিইউসির সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ বদিউজ্জামান বদি, জেলা কমিউনিস্ট লীগের মাহামুদুর রহমান, জেলা ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।  

অপরদিকে, নেত্রকোনায় বিক্ষোভ করেছে জেলা ছাত্র ইউনিয়ন ও সচেতন ছাত্র সমাজ। গতকাল সোমবার দুপুর ১২টায় মোক্তারপাড়া প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল বের করে বিক্ষোভকারীরা। সম্প্রতি সংঘটিত ধর্ষণ, নারী নিপীড়ন, খুন ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- নিশ্চিত করার দাবিতে মিছিলটি স্লোগান দিতে দিতে শহর প্রদক্ষিণ করে। শহর প্রদক্ষিণ শেষে সাতপাই কালীবাড়ি রোডের জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এর আগে প্রেস ক্লাবের সামনের সড়কে সংক্ষিপ্ত সমাবেশে নেত্রকোনা ছাত্র ইউনিয়নের সভাপতি মিটুন শর্মা অভির সভাপতিত্বে পার্থ প্রতিম সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন পারভিন আকন্দ পিউ, জাকারিয়া খান রিজন, আবু বক্কর সিদ্দিক নাদিম, আবদুস সায়েম নিকু প্রমুখ।