সস্ত্রীক সাংসদ রতনের সম্পদের তথ্য চেয়ে চিঠি

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তার প্রথম স্ত্রী মাহমুদা খাতুন লতার ব্যাংক হিসাবসহ বিভিন্ন তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের সহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজী বিএফআইইউর মহাব্যবস্থাপকের কাছে এ চিঠি দেন। তবে চিঠিতে রতনের দ্বিতীয় স্ত্রী ঝুমুরের সম্পদের কোনো তথ্য চাওয়া হয়নি।

এর আগে সরকারি অর্থ আত্মসাৎ করে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে গত ১৭ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এর আগে ১০ ফেব্রুয়ারি এমপি রতনকে তলবি নোটিস পাঠান কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

গতকাল দুদকের পাঠানো চিঠিতে অভিযোগের শিরোনামে বলা হয়, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দুর্নীতির মাধ্যম সরকারের কোটি কোটি টাকা আত্মাসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে পাচার করেন। চিঠিতে রতন ও লতার এনআইডি নম্বর দেওয়া হয়েছে।