প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে থাকার ঘর পেলেন নীলফামারীর পাপড়ি রাণী রায় (২৫)।
সোমবার সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাপড়ি রাণী রায়ের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের আর্থিক সহযোগিতায় ওই ঘর বিতরণ করা হয়।
একইভাবে আরও একটি ঘর প্রদান করা হয় পাপড়ি বেগম নামের আরেক অসহায় নারীকে। এ ছাড়া অসচ্ছল দলীয় নেতাকর্মীরা পেলেন অর্থসহ বিভিন্ন সহযোগিতা।
অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করা হয়। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তৃতা দেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
আলোচনা শেষে নীলফামারী পৌরশহরের কুখাপাড়া মহল্লার পাপড়ি রাণী রায় এবং একই শহরের সওদাগরপাড়া মহল্লার পাপড়ি বেগমের জন্য নির্মিত আধা পাকা ঘরের চাবি হস্তান্তর করা হয়।
একই অনুষ্ঠানে অসচ্ছল তিন নেতাকর্মীকে বসতঘরের জন্য ২ বান্ডিল করে ঢেউটিনসহ মোট দুই লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে দোকান ঘর নির্মাণ, ক্যানসার আক্রান্ত চারজনকে চিকিৎসার জন্য এক লাখ ২৫ হাজার টাকা, ওষুধ কেনার জন্য ৩ জনকে ১৫ হাজার টাকা, দুই প্রতিবন্ধীকে দুটি হুইল চেয়ার এবং ক্রীড়া উপকরণ ক্রয় বাবদ দুজনকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এ ছাড়া অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে প্রতি মাসে দুই হাজার টাকা করে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত জানানো হয়।
এছাড়াও জোরদরগাহ হাফিজিয়া মাদ্রাসার ৩৫ জন হাফেজের মাঝে দুপুরের খাবার, গাছের চারা, মাস্ক, সাবান ও ছাতা বিতরণ করা হয়।
পাপড়ি রাণী রায় জানান, প্রেমের সম্পর্ক ধরে ২০১৬ সালে জেলা সদরের অচিনতালা গ্রামের নাথু রাম রায়ের ছেলে হরিপদ রায়ের সঙ্গে বিয়ে হয় পাপড়ি। সে বিয়ে মেনে নেয়নি স্বামীর পরিবার। এরপরেও শ্বশুরবাড়িতে পাঁচ মাস থাকার পর তারা বাড়ি থেকে বের করে দেয় আমাকে। নিরুপায় হয়ে তাকে অবস্থান করতে হচ্ছে বাবার বাড়িতে। কিন্তু দরিদ্র বাবার ঘরের কষ্টে ভুগছিলেন তিনি। স্বামী হরিপদ রায় কোনো প্রকার খোঁজখবর নেন না।
পাপড়ি নীলফামারী সরকারি কলেজের দর্শন বিভাগে অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী বলে জানান।