মাদারীপুরের কালকিনিতে দক্ষিণ রমজানপুর রাশিদা আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে দুটি ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের জমিতে ঘর নির্মাণ বন্ধ রাখা হয়েছে।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, উপজেলার রমজানপুর এলাকায় বেশ কিছুদিন ধরেই ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ চলছে। এর পাশে বিদ্যালয়ের কিছু জমি জোরপূর্বক ভাড়াটে লোকজন নিয়ে দখল করে দুটি টিনশেড ঘর তুলেছেন একই এলাকার সেনোয়ারা বেগম।
তবে সেনোয়ারা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যে জমিতে বিদ্যালয় নির্মাণ করা হয়েছে তা আমার স্বামীর। তাই আমি ঘর নির্মাণ করেছি।’