আরও ২৬ মৃত্যু ১৪৮৮ শনাক্ত

দেশে করোনাভাইরাস সংক্রমণে আরও ২৬ জন মারা গেছে। তাদের মধ্যে ২১ জনই পুরুষ এবং ১৭ জন ষাটোর্ধ্ব বয়সের। গতকাল মঙ্গলবার দেশে করোনা শনাক্তের ২০৬তম দিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৪৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিন ১২ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষায় ১১ দশমিক ৫৬ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে। অধিদপ্তরের তথ্যমতে, গতকাল পর্যন্ত দেশের প্রতি ১০ লাখ মানুষের মধ্যে প্রায় ২ হাজার ১২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বর্তমানে ১০৬টি পরীক্ষাগারে করোনার পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত) ১২ হাজার ৭৬৯টি নমুনা সংগৃহীত হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৬৯টি। এসব পরীক্ষায় ১ হাজার ৪৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়। একই সময়ের মধ্যে আরও ২৬ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬২৫ রোগী সুস্থ হয়েছে।

এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি নমুনা পরীক্ষায় ৩ লাখ ৬২ হাজার ৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৫ হাজার ২১৯ এবং সুস্থ হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন। বাকিরা এখনো চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৮ দশমিক ৭২ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৪ ও সুস্থতার হার ৭৫ দশমিক ৬০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ২১ ও নারী ৪ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৬ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম, ২ জন করে মোট চারজন খুলনা ও সিলেটের এবং ১ জন রাজশাহী বিভাগের। মৃতদের মধ্যে ১৭ জন ষাটোর্ধ্ব বয়সী। বাকিদের মধ্যে ৫১-৬০ বছরের ৫, ৪১-৫০ বছরের ২, ৩১-৪০ বছরের ১ ও ২১-৩০ বছরের ছিল ১ জন। হাসপাতালে মারা গেছে ২৫ ও বাড়িতে ১ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৯ ও নারী ১ হাজার ১৮০ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ৩৯ ও নারী ২২ দশমিক ৬১ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৬০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ৭৩, খুলনায় ৪৩৫, রাজশাহীতে ৩৪১, রংপুরে ২৩৭, সিলেটে ২৩০, বরিশালে ১৮৭ এবং ময়মনসিংহে সর্বনি¤œ ১০৯ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরও ২১৮ রোগীকে এবং কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৭১৬ জনকে। বর্তমানে আইসোলেশনে ১৫ হাজার ২৫২ জন ও কোয়ারেন্টাইনে আছে ৪৩ হাজার ৮৪৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৭ হাজার ৫৬৩টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে সর্বমোট ১১ হাজার ৬৩৫টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৬২৯টিতে। বাকি ৯ হাজার ৬টি খালি ছিল। এ ছাড়া ৫৫৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৬৩টি।