করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আটকেপড়া এইচএসসি পরীক্ষা এবং অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে সরকার বিকল্প অপশন নিয়ে ভাবছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদে’র উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও বই বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘জনস্বাস্থ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার এ বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। আমি শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণের অনুরোধ করছি।’
তিনি বলেন, ‘সমৃদ্ধ দেশগুলোকেও পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। বাংলাদেশও সীমিত সুযোগ নিয়ে সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। সংকট মোকাবিলায় শেখ হাসিনা সরকারের উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত হলেও একটি দল অবিরাম সমালোচনা করে যাচ্ছে। স্রষ্টার অপার কৃপা ও সরকারের অবিরাম প্রচেষ্টায় সংক্রমণ এখনো অনেকটা নিয়ন্ত্রণে। এ নিয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় সরকার সচেষ্ট আছে।’
স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি জমা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় সভাপতির সঙ্গে আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে।’
দেশে নয়, বিএনপির রাজনীতিতে চরম দুঃসময় চলছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এ সময়েও দেশে চরম দুঃসময় দেখতে পাচ্ছে। তারা বলেছিল, মানুষ বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে। সে রকম পরিস্থিতি এখনো আল্লাহর রহমতে আসেনি বলে কি তাদের কষ্ট হচ্ছে? তারা সম্ভবত সে রকম দুঃসময়েরই প্রত্যাশা করছে। জীবন-জীবিকার সমন্বয় করে অর্থনীতি আবার সচল হতে শুরু করেছে, প্রবাসী আয়, রিজার্ভসহ অন্যান্য আর্থ-সামাজিক সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে, অর্জিত হয়েছে ঈর্ষণীয় সমৃদ্ধি এসব অর্জন তারা দেখে না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সদস্য সচিব কেএম শহিদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।