কুলখানি অনুষ্ঠানে প্রধান বিচারপতি

মাহবুবে আলমের মৃত্যু বিচারাঙ্গনের অপূরণীয় ক্ষতি

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর রাজধানীর বেইলি রোডে অ্যাটর্নি জেনারেলের সরকারি বাসভবনে অ্যাডভোকেট মাহবুবে আলমের কুলখানি ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, ‘মাহবুবে আলম মুক্তিযুদ্ধের পক্ষশক্তির বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। তার মৃত্যু অনেক কষ্টের। তার মৃত্যু আইন ও বিচারাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’

মাহবুবে আলমের স্মৃতিচারণা করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তার নম্রতা, ভদ্রতা ছিল সবার জন্য অনুকরণীয়।’ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার কারণে অ্যাডভোকেট মাহবুবে আলম স্মরণীয় হয়ে থাকবেন। সংবিধানসংক্রান্ত বিভিন্ন মামলায় মাহবুবে আলমের যুক্তি-তর্ক তাকে অমরত্ব দেবে।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘অ্যাডভোকেট মাহবুবে আলম সাদামাটা ও ভালো মানুষ ছিলেন। তার ছিল ধৈর্য ও পেশাদারত্ব।’ এ সময় আরও বক্তব্য দেন বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, সম্পাদক রুহুল কুদ্দুস কাজল প্রমুখ।

মাহবুবে আলমের কুলখানি ও তার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অতিরিক্ত, ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলসহ সুপ্রিম কোর্টের অসংখ্য আইনজীবী উপস্থিত ছিলেন।

গত ২৭ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মাহবুবে আলম। পরদিন সুপ্রিম কোর্টে জানাজা শেষে মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।