শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩১ অক্টোবর পর্যন্ত

করোনাভাইরাস মহামারীর কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্বব্যাপী চলমান মহামারী করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফা বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত ছুটির ঘোষণা দিয়ে রেখেছিল সরকার। তবে ছুটি যে আরও বাড়বে, তা গত বুধবার এক অনুষ্ঠানে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে থেকে নেওয়া হবে, সেই তারিখ আগামী সোম-মঙ্গলবারের মধ্যে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে তা স্থগিত রয়েছে। বছর প্রায় শেষ হয়ে আসায় এ পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের। মহামারীর কারণে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা নেবে না সরকার। শিক্ষাপ্রতিষ্ঠানে এসব শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন করে উপরের শ্রেণিতে তোলার কথা রয়েছে। তবে চারটি শর্ত দিয়ে আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদ্রাসার পরীক্ষাগুলো নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।