বিদায় বেলায় ওসির আসনে বসে বাড়ি ফিরলেন কনস্টেবল

শিবালয় থানায় কর্মরত পুলিশ কনস্টেবল বিদায় বেলায় মো. আবু জায়েদ থানা পুলিশের গাড়ির ওসির আসনে বসে বাড়ি ফিরলেন।

এ পুলিশ সদস্য অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করে শিবালয় থানা পুলিশ।

কনস্টেবল জায়েদের বিদায় উপলক্ষে বৃহস্পতিবার রাতেই থানার সব সদস্য আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান। 

এ সময় তার হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার সমাগ্রী। শুক্রবার বাড়ি ফেরার সময় তার সম্মার্থে ওসির বহন করা নিজের সরকারি গাড়িটি বেলুন ও ফুল  দিয়ে সাজানো হয়। এরপর আনন্দঘন পরিবেশে বিদায় সম্বর্ধনা শেষে সরকারি গাড়িতে জায়েদকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ কবির জানান, শিবালয় থানায় এ প্রথম কোনো পুলিশ কনস্টেবল অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সম্বর্ধনা ও সাজানো গাড়িতে বাড়ি পৌছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

কনস্টেল আবু জায়েদ ১৯৮৪ সালের ৫ মার্চ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে ৩৮ বছর চাকরির পর অবসরে যান। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চর ভারাঙ্গা উত্তরপাড়া গ্রামের মরহুম নেফাজ উদ্দিনের পুত্র। 

আবু জায়েদ বলেন, চাকরি জীবন শেষে এমন সম্মান অনেকের ভাগ্যে জোটে না। আমি আজ সত্যিই আনন্দিত। অবসরে যাওয়ার সময় আমাকে এমন সম্মান প্রদর্শন করার জন্য ওসি স্যার ও শিবালয় থানাকে অসংখ্য ধন্যবাদ।