বগুড়ায় সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী স্মরণসভা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তী হত্যাকান্ডের ১৬ বছর উপলক্ষে স্মরণসভা ও স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান গতকাল শুক্রবার বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ বছর সাংবাদিকতায় দীপঙ্কর চক্রবর্তী স্মৃতিপদক পেয়েছেন দৈনিক উত্তরবার্তা পত্রিকার সম্পাদক মাহবুব উল আলম ও বগুড়ার প্রবীণ সাংবাদিক অধ্যাপক এসএম আইয়ুব।

বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সাংসদ সাহাদারা মান্নান। 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, দীপঙ্কর চক্রবর্তীর মতো নির্ভীক সাংবাদিক আমাদের সমাজের আলোকবর্তিকা। জোট সরকারের সময় বেছে বেছে এমন সাংবাদিকদের খুন করা হয়েছে। সাংবাদিকদের খুন করা হলে বিচার হয় না এমন একটি সংস্কৃতি সেই সময় চালু করা হয়। বর্তমান সরকার এসব হত্যাকান্ডের বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে।

বিইউজের সাধারণ সম্পাদক জেএম রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বিএফইউজের যুগ্ম মহাসচিব জিএম সজল, প্রয়াত দীপঙ্কর চক্রবর্তীর ছেলে অনিরূদ্ধ চক্রবর্তী প্রমুখ।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২ অক্টোবর বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলার তৎকালীন নির্বাহী সম্পাদক ও বিএফইউজের সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তী কর্মস্থল থেকে রাতে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন।