চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তিন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এ হুঁশিয়ারি দেন বক্তারা।
স্থানীয় এক কমিউনিটি সেন্টার সকাল ১০টায় শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দিন হিরু ও যুবলীগ নেতা মিয়া মোহাম্মদ শাহ্জাহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।