ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ

দাউদকান্দিতে ব্যবসায়ীর সন্ধান দাবিতে মানববন্ধন

কুমিল্লার দাউদকান্দিতে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার আট দিনেও সন্ধান মেলেনি। এই ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ ও সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

মানববন্ধন চলাকালে সাইফুলের স্ত্রী সিমলা বেগম তার স্বামীকে উদ্ধারে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। সাইফুলকে উদ্ধারে তার ভাই জহিরুল ইসলাম প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন।

গত ২৪ সেপ্টেম্বর বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডসংলগ্ন মতলব সংযোগ সড়কে দাঁড়িয়ে থাকাকালে চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে সাইফুলকে হাতকড়া পরিয়ে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। নিখোঁজ সাইফুল দাউদকান্দির পেন্নাই গ্রামের মৃত আবু ছিদ্দিকের ছেলে।

দাউকান্দি মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশ সাইফুলকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।