গাজীপুরে লাথির আঘাতে সবজি বিক্রেতার মৃত্যু

গাজীপুরে পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে লাথির আঘাতে মো. আব্দুর রশিদ (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি ময়মনসিংহের তারাকান্দা থানার নেতারাশি এলাকার ফজর আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগরীর কাশিমপুর নয়াপাড়া এলাকায় জনৈক এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করতেন ও একটি চায়ের দোকান চালাতেন।

স্থানীয়দের বরাত দিয়ে কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, বুধবার রাত আটটার দিকে কাশিমপুরের জিতার মোড় এলাকার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নয়াপাড়া এলাকার নুরুল ইসলাম সুমন (২৫) তার তলপেটে লাথি মারে। এতে আব্দুর রশিদ গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত স্থানীয় কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন রশিদের অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে নিহতের স্বজনরা লাশ নিয়ে কাশিমপুর নয়াপাড়া ভাড়া বাসায় ফিরে আসেন।

খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে নুরুল ইসলাম সুমন পলাতক রয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান তুলা জানান, নিহত আব্দুর রশিদ নয়াপাড়া এলাকার নুরুল ইসলাম সুমনের চাচা এমারত হোসেনের বাড়িতে ভাড়া থাকত। টাকা পয়সার লেনদেন নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বলে শুনেছি। পরে আব্দুর রশিদকে কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হলে শুক্রবার বিকেলে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।