ইন্টার্ন চিকিৎসককে ট্রাকচাপা

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রাকচাপায় আরাফাত পাঠান (২৫) নামে এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সয়দাবাদ এলাকার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে পাস করা আফতাব ময়মনসিংহের ভালুকা উপজেলার পশ্চিম ভাণ্ডার এলাকার আবুল হাসেম পাঠানের ছেলে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী, টাঙ্গাইলে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক, শরীয়তপুরে মোটরসাইকেল ধাক্কায় স্কুলছাত্র এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় নারী নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক আলী জানান, আরাফাত মোটরসাইকেলযোগে ভালুকা থেকে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। সয়দাবাদ মোড়ের সড়ক বিভাজন পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নিহতর বড় ভাই রিয়াদ পাঠান ঘটনাস্থলে এসে লাশ নিয়ে যান। এ ঘটনায় তিনি মামলা করতে রাজি না হওয়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম বলেন, আরাফাত কলেজ থেকে পড়াশোনা শেষ করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ইন্টার্নি করছিল। এছাড়া সে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ছিল। এদিকে আরাফাতের অকাল মৃত্যুতে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ বিএমএ সভাপতি ডা. জহুরুল হক রাজা, সিরাজগঞ্জ স্বাচিপ সভাপতি ডা. ওয়ালিউল ইসলাম তালুকদার প্রমুখ শোক প্রকাশ করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকচাপায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফিক উপজেলার কেনা গ্রামের জহির মিয়ার ছেলে। জানা যায়, নবীনগর উপজেলায় আশা এনজিওতে কর্মরত শফিক মোটরসাইকেলে করে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়াতে কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনা এড়াতে ওই সময় পেছনে থাকা আরেকটি কাভার্ড ভ্যান রেললাইনের ওপর উঠে পড়ে। এতে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। গতকাল সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতুর পূর্বপাড়ের হাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. ইফতেখার নাসির রোকন।

নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে ট্রাকচাপায় ফারহানা আক্তার স্বর্ণা (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুর ১টার দিকে কদমতলী এলাকায় নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কে এ ঘটনা ঘটে। স্বর্ণা বন্দর থানার বাগানবাড়ী এলাকার রায়হানের স্ত্রী। রায়হান জানান, তারা কদমতলী এলাকায় এক আত্মীয়র বাড়িতে কুলখানির দাওয়াত খেতে যাচ্ছিলেন। হঠাৎ স্বর্ণা মোটরসাইকেল থেকে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

শরীয়তপুর : শরীয়তপুর নড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় তামিম মাদবর (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে উপজেলার মেলকারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তামিম ওই গ্রামের হজরত আলী মাদবরের ছেলে। সে স্থানীয় পালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালানার কারণে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।