কুয়েতের আমির বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন : মোমেন

কুয়েতের প্রয়াত আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ বাংলাদেশের প্রকৃত বন্ধু ছিলেন বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। শেখ সাবাহর মৃত্যুতে গতকাল শুক্রবার ঢাকায় কুয়েত দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।

আব্দুল মোমেন বলেন, শেখ সাবাহ দূরদর্শী এবং মুসলিম উম্মাহর জন্য একজন উদার নেতা ছিলেন। তার মৃত্যুতে মুসলিম বিশ্ব তাদের স্বার্থরক্ষায় নিবেদিতপ্রাণ একজন বিশ্বনেতাকে হারাল। কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সে দেশের এই আমিরের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শেখ সাবাহর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোকবইয়ে স্বাক্ষরকালে কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মেদ এ এইচ হায়াত উপস্থিত ছিলেন।