মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু কামনা করে টুইটারে কোনো পোস্ট দিলে ‘শাস্তি’ হিসেবে অভিযুক্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করতে পারে সামাজিক যোগাযোগমাধ্যমটি।
ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে এখন হাসপাতালে আছেন। টুইটারে তিনি করোনা পজিটিভের খবর দেয়ার পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। টুইটার, ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ তার সুস্থতার প্রার্থনা করেন, কেউ আবার মৃত্যু চান!
টুইটারের একজন মুখপাত্র ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা দ্য সানকে বলেছেন, ‘যে সব কনটেন্টে গুরুতর রোগীদের মৃত্যু কামনা করা হয়, তা আমরা কখনোই সমর্থন করি না। কিছু বিষয় বিবেচনা করে এসব পোস্ট বাতিল করা হয়। প্রয়োজনে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়।’
ট্রাম্প হাসপাতালে ভর্তি হওয়ার পর রেমডিসিভির ওষুধ নিয়েছেন। তিনি জানিয়েছেন, ওষুধ নেয়ার আগে তার শ্বাসকষ্ট হচ্ছিল। এখন ভালো আছেন।
হাসপাতালে যাওয়ার আগে সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘ওয়াল্টার রিড হাসপাতালে যাচ্ছি। আমি ভালো আছি। কিন্তু সবকিছু যেন ঠিক থাকে সেটি আমরা নিশ্চিত করতে চাচ্ছি।’
স্ত্রীর কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘ফার্স্টলেডি ভালো আছেন। আপনাদের অনেক ধন্যবাদ। আমি এর প্রশংসা করি। কখনো ভুলব না।’