বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের অভিযোগ পাওয়ার পর শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির ম্যানেজার জাকির হোসেনের বক্তব্য শুনতে তাকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
‘যত দ্রুত সম্ভব এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে,’ জানিয়ে বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী শনিবার সাংবাদিকদের বলেন, ‘যার বিরুদ্ধে অভিযোগ তার কথা শুনব আমরা। এ জন্য তাকে ডাকা হয়েছে।’
ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব শেখ রাসেল ম্যানেজারের কাছে দেড় বছর আগের পাওনা টাকা চেয়ে করোনার সময়ে অপমানিত হন রুমানা।
ক্লাব কর্মকর্তার অনেক গড়িমসির পর মুঠোফোনে টাকা পরিশোধের জোর দাবি তোলায় টাইগ্রেস অধিনায়ককে শুনতে হয় গালিগালাজ। তাকে হুমকিও দেওয়া হয়।
রুমানার অভিযোগ, অর্ধেক টাকা দেওয়ার পর লিগ শেষে আর খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেনি ক্লাব কর্তৃপক্ষ। তার একার পাওনাই তিন লাখ। বাকিরা পান আরও লাখ সাতেক টাকা।
শুধু বকেয়া পাওনা আদায়ই নয়; ফোনে বাজে ভাষা ব্যবহারের জন্যও ক্লাব ম্যানেজার জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছেন রুমানা।