আমি অল্পতেই অনেক সন্তুষ্ট

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু করোনার পর পুরো উদ্যমে কাজ শুরু করেছেন। সাম্প্রতিক কাজ ও নানা প্রসঙ্গে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত

সাম্প্রতিক কাজ...

দীর্ঘদিন তো ঘরবন্দি সময় কাটিয়েছি। এরপর সাধারণ ছুটি উঠে গেলেই কাজে ফিরেছি। বলা যায়, করোনার চার মাস পর যখন থেকে সবাই কাজ করা শুরু করল তখন থেকেই কাজ শুরু করেছি। যদিও করোনার প্রভাব ইন্ডাস্ট্রির সবার ওপরই পড়েছে। পুরো ইন্ডাস্ট্রিই করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাই আবার কাজে ফিরে যার যার মতো ওভারকাম করার চেষ্টা করছে। আশা করছি সবাই আবার আগের মতোই কর্মচঞ্চল হয়ে উঠবে। আর আমার কাজের কথা যদি বলি তাহলে বলব, ধারাবাহিক নাটক ‘গোলমাল’, ‘স্বপ্ন আড্ডা’, ‘বাকের খনি’সহ বেশ কয়েকটি নাটকে কাজ করেছি।

ফেইসবুক ভিডিও...

মাঝে মাঝেই নিজের ওয়ার্ক আউটের ভিডিও ফেইসবুকে আপলোড দিই। আমার দর্শক ও ভক্তরাও ভিডিওগুলো দেখে ভালো রেসপন্স করছে। এই ভিডিওগুলো দেখার পর সবাই মনে করছে আমি খুব ভালো নাচ জানি কিন্তু আমি নাচ তেমন জানি না। আমি আসলে ওয়ার্ক আউটের পর মিউজিক ছেড়ে কিছুটা হাত-পা ছোড়াছুড়ি করি। মূলত নিজের চর্বি বার্ন করার জন্যই এমনটা করি। এই ভিডিওগুলো করে আমি বেশ মজাও পাই। আর ওয়ার্ক আউট করি প্রায় সাত-আট বছর ধরে। ভিডিও করলেও আগে আপ দিতাম না। সম্প্রতি এই টাইপের ভিডিও ফেইসবুকে আপ দেওয়া শুরু করেছি।  সব মিলিয়ে সাত-আটটা ভিডিও আপ দিয়েছি।  এ রকম অসংখ্য ভিডিও আমার ফোনে রয়ে গেছে যেগুলো অপ্রকাশিত।

প্রাপ্তি-অপ্রাপ্তি...

আমি অল্পতেই অনেক সন্তুষ্ট। আমি চিন্তা করি ইন্ডাস্ট্রিতে এই পর্যন্ত আসতে পেরেছি মানুষের ভালোবাসার কারণে। এখন মানুষ আমাকে চেনে। কোথাও কোনো কাজে গেলে আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মানুষ আমাকে চেনে-জানে। যখন সাধারণ ছিলাম তখন তো কেউ চিনত না। ফলে এই অর্জনকে কেন আমি ছোট করে দেখব। নিশ্চয় এটা আমার বড় প্রাপ্তি।

অভিনয়ের বাইরে...

অভিনয়ের বাইরে আমার কিছু করা হয় না। তবে বাসায় থাকলে ডেকোরেশনের কাজটা করি। বাতিল জিনিস দিয়ে ডেকোরেশনের নানা জিনিস বানাই। বাসায় থাকলে এ রকম নানা ক্রিয়েটিভ কাজ করে সময় কাটাই।

নিজেকে মেলে ধরতে...

আগে ক্যামেরার সামনে দাঁড়াতে প্রচুর প্রস্তুতি নিয়ে নামতাম। এখন অনেকটা অভ্যস্ত হয়ে গেছি। ফলে তেমন প্রস্তুতি এখন নিতে হয় না। আবার গভীর মনোনিবেশ দিয়ে কাজ করার মতো বিশেষ কাজও কম হয়। ওই ধরনের কাজ পেলে অবশ্যই পূর্ণ ডেডিকেশন দিয়ে কাজ করব। আর নাটকের ক্ষেত্রে আগে স্ক্রিপ্ট শুনি, মেলে ধরার মতো কিছু পেলে প্রস্তুতি নিই, পপস রেডি করি, শ্যুটিংয়ে চলে যাই। আমি মূলত হাই লেভেলের কাজের জন্য মুখিয়ে থাকি। যদিও সেই ধরনের কাজ খুবই কম হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তবে এটা অবশ্যই বলব যে, আমাদের নাটকের মান দিনে দিনে আরও ভালো হচ্ছে।

বিয়ে...

বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই। আল্লাহ যেদিন বিয়ে কপালে রেখেছেন সেদিনই বিয়ে হবে।