টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ বস্তা চাল জব্দের ঘটনায় ডিলারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত লাকড়ি ব্যবসায়ী তুলু মিয়াকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহেড়া ইউনিয়নের পিটিসি বাজারের লাকড়ি ব্যবসায়ী তুলু মিয়ার দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ বন্তা সরকারি চাল জব্দ করা হয়। এ সময় সরকারি চালের ৩০ কেজি ওজনের ১১৪টি খালি বস্তা উদ্ধার এবং গ্রেপ্তার করা হয় তুলু মিয়াকে (৪০)। তুলু মিয়া মহেড়া গ্রামের বান্দু মিয়ার ছেলে।
এ ঘটনায় মির্জাপুর থানার এএসআই মাহমুদুল হাসান রাসেল বাদী হয়ে ডিলার আলমগীরসহ সাতজনকে আসামি করে ওই দিনই থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলেন তুলু মিয়া, ডিলার আলমগীর হোসেন, ওহাব, হান্নান, মফিজ উদ্দিন, রাজন ও রাসেল। এর মধ্যে গতকাল শনিবার ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তুলুকে আদালতে পাঠানো হলে আদালত তার দুদিনের রিমান্ড মঞ্জুর করে।
মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান, সাতজনের বিরুদ্ধে মামলা ও একজনের রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।