৮-৯ শতাংশ কর জিডিপি রেশিও দিয়ে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।
গতকাল শনিবার ‘সহজ কর ব্যবস্থা : সংস্কার এবং অগ্রাধিকার’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে এই মন্তব্য করেন তিনি। আহসান এইচ মনসুর বলেন, বর্তমান কর ব্যবস্থার ভিত্তিগুলো পরিবর্তন করতে হবে। এনবিআরের অনেক সংস্কার করতে হবে। না হলে এনবিআরের এই জনবল এবং আইন দিয়ে ২০২৪ সালে উন্নয়নশীল এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিবর্তন হওয়া সম্ভব নয়। কারণ বর্তমান কর ব্যবস্থায় ৮ থেকে ৯ শতাংশ জিডিপি রেশিওতে অবদান রাখছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বিল্ড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
অনুষ্ঠানে রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, কর পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। এখানে করদাতাদের ওপরে কর বারবার চাপিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ভালো ভালো করপোরেট কোম্পানির ওপর। এটা থেকে বেরিয়ে আসতে হবে।
পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, এমসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আনিস এ খান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বিল্ডের চেয়ারপারসন আবুল কাশেম প্রমুখ।