ট্রাম্পকে খোঁটা বাইডেনের

মাস্ক লোক দেখানোর জন্য নয়

গত মঙ্গলবার প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট চলাকালে মানুষ থেকে দূরে থাকার পরেও মাস্ক পরে থাকায় জো বাইডেনকে নিয়ে হাসিঠাট্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর তিন দিন পার হতে না হতেই করোনা পজিটিভ ধরা পড়েছে প্রেসিডেন্টের। তাই বিতর্কের দিন তেমন কিছু বলতে না পারলেও এবার আর সুযোগ হাতছাড়া করেননি প্রতিদ্বন্দ্বী বাইডেন। ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করলেও ঠিকই খোটা দিয়ে বলেছেন, মাস্ক লোক দেখানোর জিনিস নয়।

গত শুক্রবার মিশিগানে নির্বাচনী সমাবেশে জো বাইডেন বলেছেন, তিনি এবং তার স্ত্রী জিল বাইডেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সুস্থতার জন্য প্রার্থনা করছেন। অন্য সময় সাধারণত মাস্ক খুলে বক্তব্য দিলেও এদিন পুরোটা সময় সেটি পরে ছিলেন এ ডেমোক্র্যাট নেতা।

তিনি বলেন, ‘এটা রাজনীতির বিষয় নয়। এটা আমাদের শক্তভাবে মনে করিয়ে দিচ্ছে যে, ভাইরাসটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটা এমনি এমনিই চলে যাবে না। দেশপ্রেমিক হোন। এটা নিজেকে শক্ত দেখানোর জন্য নয়। এটা নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়।’ এ সময় যুক্তরাষ্ট্রের সবাইকে মাস্ক পরা, হাত ধোয়া, ন্যূনতম ছয় ফুট দূরত্ব বজায় রাখার মতো বৈজ্ঞানিক নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানান বাইডেন।

এর আগে শুক্রবার এক টুইটে ডোনাল্ড ট্রাম্প নিজেই জানান, তিনি এবং মেলানিয়া ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর সামান্য জ্বর থাকায় মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে। চিকিৎসকরা জানিয়েছেন, বয়স এবং স্থূলতার কারণে জটিলতার ঝুঁকিতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

শুরু থেকেই প্রাণঘাতী এ ভাইরাসকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। একে সামান্য ফ্লু বলে মন্তব্য করেছেন। বলেছেন, ভ্যাকসিন দরকার নেই, এটি এমনিতেই চলে যাবে। এমনকি করোনা রোগীদের ফুসফুস জীবাণুনাশক দিয়ে ধুয়ে দেওয়ার মতো উদ্ভট পরামর্শও দিয়েছেন তিনি।