সাগরে ট্রলারের ধাক্কায় নৌকাডুবি, ‘নিখোঁজ’ ৩১

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের পাঁচ কিলোমিটার গভীরে কর্ডজাল (শক্তিশালী) ফিশিং ট্রলারের ধাক্কায় ‘এফবি মায়ের দোয়া’ নামে একটি মাছধরার নৌকা ডুবে গেছে। এতে নৌকাটির ৩১ মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন।

গতকাল রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে সন্ধ্যা ৭টার দিকে তিন জেলে আরেকটি নৌকার সহায়তায় ফিরে এসেছেন।

ফিরে আসা জেলে ও নৌকার মালিক বাঁশখালীর চাম্বল বাংলাবাজার এলাকার মো. ছগীর জানান, এফবি মায়ের দোয়া নৌকার ৩৪ মাঝি-মাল্লা বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে জাল পোঁতার কাজ করছিলেন। এ সময় কর্ডজাল ফিশিং ট্রলার এসে ধাক্কা দিলে তাদের নৌকা তলিয়ে যায়। এ সময় বেশ কয়েকজন মাঝি-মাল্লা সাঁতার কেটে সমুদ্রে থাকা অন্যান্য নৌকায় ওঠার চেষ্টা করেন।

খবর পেয়ে নৌকার মালিক মো. ছগীর নিজে আরও কয়েকটি নৌকা ও জেলে নিয়ে বঙ্গোপসাগরে যান। তিনি জেলে নুরনবী (৪৫), দেলোয়ার (৩২) ও মহিউদ্দিনকে (৩৪) অন্য নৌকা থেকে উদ্ধার করে তীরে ফিরে আসেন। বাকিদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফিরে আসা তিন জেলে জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর প্রায় সবাই সাঁতার কেটে সাগরে থাকা অন্যান্য নৌকায় ওঠার চেষ্টা করেছেন। তবে ইঞ্জিনকক্ষে থাকা ৪/৫ জন বের হতে পারেননি বলে জানান তারা।

পশ্চিম চাম্বল বোট মালিক সমিতির সভাপতি হেফাজাতুল ইসলাম বলেন, ‘নৌকাডুবির খবর প্রশাসন ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। প্রশাসনের সহায়তায় নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।’

বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, ‘আমরা এখন পর্যন্ত চার জেলে নিখোঁজের তথ্য পেয়েছি। তিনজন ফিরে এসেছেন। আর বাকিরা বিভিন্ন নৌকায় অবস্থান নিলেও ফিরে আসেননি। তবে তাদের জন্য সাগরে অন্যান্য নৌকা প্রস্তুত রাখা হয়েছে।’