উড়োজাহাজের টিকিট ইস্যুর টোকেন না পেয়ে বিক্ষোভ করেছেন সৌদি প্রবাসীরা। গতকাল রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁও সংলগ্ন সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে শত শত প্রবাসী হোটেলের দেয়াল টপকে ও প্রবেশ ফটক ভেঙে সাউদিয়া এয়ারলাইনসের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তারা দ্রুত সৌদি আরব ফিরতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে স্লোগান দেন।
গতকাল কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, হাজারো সৌদি প্রবাসী সাউদিয়া এয়ারলাইনসের টিকিট ইস্যুর টোকেনের জন্য সড়কে অবস্থান করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, দেশে এসে করোনা পরিস্থিতিতে আটকেপড়া বেশিরভাগ সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। এরপর সৌদি সরকার কিছুদিন ভিসার মেয়াদ বাড়ালেও সাউদিয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো টিকিট তারা পাচ্ছেন না। দ্বিগুণ দামেও টিকিট মিলছে না। টিকিটের আশায় বিগত কয়েকদিন প্রবাসীরা বিমানের মতিঝিল এবং সাউদিয়ার কারওয়ান বাজার কার্যালয়ের সামনে অবস্থান করছেন।
সৌদি আরব থেকে সাউদিয়ার রিটার্ন টিকিট নিয়ে আসাদের টোকেন দেওয়া হয়। গতকাল এই টোকেন নম্বরের বিপরীতে টিকিট দেওয়ার কথা ছিল। তবে নিয়ম না মেনে টোকেন দেওয়ার খবরে প্রবাসীরা হোটেল সোনারগাঁওয়ের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে সাউদিয়া এয়ারলাইনসের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে পুলিশ এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয় এবং দুপুর থেকে ফের টোকেন বিতরণ শুরু হয়।
প্রবাসী রাশেদুল ইসলাম বলেন, ‘তিন দিন ধরে সাউদিয়া এয়ারলাইনসের সামনে অবস্থান করছি। কোনো টোকেন পাইনি। শনিবার কোনো টোকেন দেয়নি। ভাবলাম আজ (গতকাল) পাব। কিন্তু আমরা কেউই টোকেন পাচ্ছি না। বাংলাদেশে আমরা কী করে খাব? সরকার হস্তক্ষেপ না করলে আমাদের সৌদি আরব যাওয়া হবে না। আমরা সরকারের হস্তক্ষেপ চাই।’ আরেক প্রবাসী ইমরান রহমান বলেন, ‘জীবনের সব কষ্ট ভুলে আমরা প্রবাসে দেশের জন্য কাজ করি। করোনার কারণে ৯ মাস বাংলাদেশে অবস্থান করছি। ঋণগ্রস্ত হয়ে পড়েছি। ভিসার মেয়াদও শেষ। কী করব বুঝতে পারছি না।’
তবে এ বিষয়ে পুলিশ ও সাউদিয়া এয়ারলাইনস কর্র্তৃপক্ষের কেউই কথা বলতে রাজি হননি।
ছুটিতে দেশে এসে করোনায় আটকা পড়েন বিপুলসংখ্যক প্রবাসী। দীর্ঘদিন পর কাজে ফেরার সুযোগ এলেও ফ্লাইটের অভাবে অনিশ্চয়তা তৈরি হয়। ফলে বাধ্য হয়ে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সড়কে নেমে বিক্ষোভ করেন প্রবাসীরা। টানা তিন দিনের বিক্ষোভের পর ২৩ সেপ্টেম্বর দ্বিপক্ষীয় প্রচেষ্টায় সৌদি সরকার আকামার মেয়াদ আরও ২৪ দিন বাড়ায়। এর পরদিন থেকে টোকেনের মাধ্যমে টিকিট দেওয়া শুরু করে সাউদিয়া এয়ারলাইনস। সর্বশেষ গত ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকিট দেওয়া হয়। তবে ২ ও ৩ অক্টোবর কোনো টোকেন ইস্যু হয়নি। সাউদিয়ার পাশাপাশি বিমানের মতিঝিল কার্যালয় থেকেও টিকিট দেওয়া হচ্ছে।