সদরপুরে কৃষি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদ

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর মৌজায় কৃষি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী। 

সোমবার বেলা ১১টার দিকে পিয়াজখালী বাজার এলাকার  বেপারীডাঙ্গি গ্রামে অনুষ্ঠিত মানববন্ধনে ওই গ্রামের কয়েক শ নারীপুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, অসংখ্যবার নদী ভাঙ্গনের শিকার হয়ে তারা এ গ্রামে থিতু হয়েছেন। তাদের গ্রামটি কৃষিপ্রধান। এখানে ধান, পাট, রসুন ও পেঁয়াজসহ নানা ফসলের ভালো ফলন হয়। সম্প্রতি এই জমি বিনষ্ট করে একটি ইটভাটা স্থাপনের চেষ্টা চালাচ্ছেন একটি মহল। 

মো. সুলতান খাঁ নামে ৮০ বছরের বৃদ্ধ কৃষক বলেন, ইটভাটা হলে পদ্মা নদী এগিয়ে আসবে। এতে তাদের ফসলী জমিরই শুধু ক্ষতি হবে না, বরং পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়বে।

রাবেয়া বেগম (৩৫) নামে এক নারী বলেন, ইতিপূর্বে তাদের গ্রামে বালু দস্যুদের কারণে পরিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়েছিল। তখন গ্রামবাসীর বাধার কারণে প্রশাসন বেকু মেশিন জ্বালিয়ে দিয়েছিল। এখন তারা বালু লুট করতে না পেরে সেখানে নতুন করে ভাটা স্থাপনের চেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে আকোটেরচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক চৌধুরী বলেন, কৃষি জমিতে ইটাভাটা হলে সেখানের প্রায় ৩ শতাধিক কৃষি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। ওই জমিতে নানা ফসল হয়। আমরা চাই না সেখানে কৃষি জমি বিনষ্ট করে ইটভাটা স্থাপন হোক।

এ ব্যাপারে ইটভাটা স্থাপনকারী এখলাস ফকির দাবি করেন, তিনি কোনো কৃষি জমি বিনষ্ট করে ইটভাটা করছেন না। গ্রামবাসীর অভিযোগ সঠিক নয়। তিনি নদীর মাটির বাইরে কোনো ফসলী জমির মাটি ভাটায় ব্যবহার করবেন না।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, এ ব্যাপারে গ্রামবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।