যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে বলে দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুন্নবী জানান, প্রচারণার অংশ হিসেবে সোমবার সকালে তিনিসহ বিএনপি নেতারা রূপদিয়া বাজারে যান। সেখানে অবস্থানকালে যুবলীগ ক্যাডার রাজু, সোহেল, সাগরসহ একদল সন্ত্রাসী ‘জয় বাংলা’ এবং নৌকা প্রতীকের স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তারা কচুয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ডা. মশিউর রহমানকে কুপিয়ে জখম করে।
প্রার্থী নুরুন্নবী আরও জানান, বিএনপি নেতারা সেখান থেকে কচুয়া বাজারের উদ্দেশে যাত্রা করলে দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। পরে যুবদল কর্মী আসাদুজ্জামানকে মারপিট ও বাজারের একটি হোটেল ভাঙচুর করা হয়।
প্রেস ক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।