ধোনিকে নিয়ে টুইট করে রোষের মুখে পাঠান

চলতি আইপিএলে ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ইঙ্গিতপূর্ণ টুইট করেছিলেন ইরফান পাঠান। তারপরেই ধোনি ভক্তদের রোষের মুখে পড়েন টিম ইন্ডিয়ার সাবেক এই তারকা।

তবে রণে এত সহজে ভঙ্গ দিতে রাজি নন পাঠান। ফের একবার তিনি বিদ্রুপাত্মক ভঙ্গিতে নয়া টুইট করেন। যা নিয়ে আবার আলোচনা সর্বত্র। সোমবার পাঠান নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখেন- “সিরফ দো লাইন মে শর ঘুম গ্যয়ে, পুরি কিতাব পড়নে পর চক্কর ভি আয়গা, লাভিং ইট।” যার বঙ্গানুবাদ- “দুই লাইনেই মাথা ঘুরে গেল, পুরো বই পড়লে তো চক্কর দেবে, উপভোগ করছি।”

প্রসঙ্গত, পাঠান প্রথমে একটি টুইট করেন, “কারোর ক্ষেত্রে বয়স কেবল সংখ্যামাত্র। কারোর ক্ষেত্রে আবার দল থেকে বাদ দেওয়ার এক উপায়।” সেই টুইটই আবার শেয়ার করে হরভজন লেখেন, “তোমার সঙ্গে পুরোপুরি ১০০০০০০০ শতাংশ সহমত।”

তারা দুজনেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন। আবার ধোনি ৩৯ বছরেও খেলা চালিয়ে যাচ্ছেন। সেই বিষয়েই ইঙ্গিত করেছিলেন দুই তারকা।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজের ফিটনেস নিয়ে স্পষ্টতই সমস্যায় পড়েছিলেন ধোনি। এই বয়সেও ধোনির অধ্যবসায় দেখে অনেকেই যখন প্রশংসা করেছেন, তখন পাঠান-হরভজন সমালোচনা করতে ছাড়েননি।

চলতি বছরের শুরুতেই সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নেন পাঠান। তবে এখনো অবসরের পথে হাঁটেননি ভাজ্জি। যদিও তিনি শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২০১৬ সালে।