নোয়াখালীতে পৈশাচিক কর্মকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দোলায়ারকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে, পুলিশ ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে ওঠায় দেলোয়ারকে।
মঙ্গলবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ৩ দিনের রিমান্ড চেয়ে দেলোয়ারকে আদালতে পাঠায় সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ।
এর আগে, রোববার র্যাব-১১ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে দেলোয়ারকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে কামরাঙ্গীরচর ফাঁড়ির গলি এলাকা থেকে চাঞ্চল্যকর নারী নির্যাতনের ঘটনার প্রধান আসামি মো. নুর হোসেন বাদলকে গ্রেপ্তার করে র্যাব।
সোমবার র্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর ঘরের ভেতর ঢুকে নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মধ্যযুগীয় কায়দায় বিবস্ত্র করে নির্যাতন করে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে গত ৪ অক্টোবর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর ১৯ জনকে আসামি করে ৪ অক্টোবর রাত ১টার দিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন নির্যাতিতা গৃহবধূ। পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও একটি মামলা হয়।
র্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, মামলার পর থেকেই র্যাব ব্যাপকভাবে গোয়েন্দা নজরদারি শুরু করে। অস্ত্রসহ আটক করা হয় সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে। পরে তার দেওয়া তথ্যে ঢাকা জেলার কামরাঙ্গীরচর ফাঁড়ির গলি এলাকা থেকে চাঞ্চল্যকর নারী নির্যাতনের ঘটনার প্রধান আসামি মো. নুর হোসেন বাদলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন আটককৃতরা।