চট্টগ্রাম বন্দরে ‘চুরি’ করে পালাতে গিয়ে নিহত ১, আহত ৪

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় চুরি করে দেয়াল টপকে পালাতে গিয়ে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরাও চার জন।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শামীমের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শীলাব্রত বড়ুয়া বলেন, বন্দর থেকে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে শামীম নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য চার জন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন— মো. জসীম, মো. ফারুক, মো. শফিকুল ইসলাম ও মো. রবিউল ইসলাম।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, বন্দরের সংরক্ষিত এলাকায় অবস্থিত কাস্টমস এর নিলাম গোলায় এই পাঁচ জন পুরনো লোহার টুকরো চুরির চেষ্টা করছিলেন। সিসিটিভিতে বিষয়টি দেখতে পেয়ে বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মীরা নিলাম গোলা ঘেরাও করে। এ সময় তারা দেয়াল টপকে পালানোর চেষ্টা করলে নিচে পড়ে আহত হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।

বন্দর কর্মকর্তারা জানান, পাঁচ জনের কাছ থেকে ৫৩ বোতল বিদেশি মদ, দুটি চাপাতি, একটি কার্টার, আট পিস ইয়াবা বড়ি, ৫০০ কেজি পুরনো লোহার টুকরো ও নগদ ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। মালামাল চুরি করে বন্দর থেকে বাইরে নেওয়ার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।