করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ। সোমবার করোনা পরীক্ষা করিয়েছিলেন। মঙ্গলবার পাওয়া রিপোর্টে জানতে পেরেছেন তিনি করোনা পজিটিভ।
বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন হারুনুর রশীদ।
দেশের ক্রীড়াঙ্গনে একজন হারুনুর রশীদ বড় একটি নাম। আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক ছিলেন। সদ্য অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে তিনি টানা চতুর্থবারের মতো নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তিনি।
হারুনুর রশীদ জানান, তার স্ত্রী করোনা আক্রান্ত ছিলেন। তার মধ্যেও উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করান। এখন দুজনে হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
এদিকে হারুনুর রশীদ ও স্ত্রীর দ্রুত সুস্থতা কামনা ও সবার কাছে দোয়া চেয়ে বিবৃতি দিয়েছে আবাহনী লিমিটেড।