মেসেঞ্জার থেকে ইন্সটাগ্রামের বন্ধুদের সঙ্গে করা যাবে বার্তা আদান-প্রদান। আবার ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা একইভাবে মেসেঞ্জারে থাকা বন্ধুদের সঙ্গে কথা বলতে পারবেন। সেই সঙ্গে ইন্সটাগ্রামের ইনবক্সে মেসেঞ্জারের অনেক সুবিধাও যুক্ত হচ্ছে। আসছে আরও নতুন ১০টি ফিচার। সম্প্রতি একটি দীর্ঘ ব্লগে এমনটাই জানিয়েছেন ইন্সটাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি এবং মেসেঞ্জারের প্রধান স্ট্যান শাডনোভস্কি।
প্রথমে ইন্সটাগ্রাম ব্যবহারকারীদের মেসেঞ্জারের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করতে বলা হবে। চ্যাট বক্সের রং পরিবর্তন থেকে শুরু করে ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানানো, একসঙ্গে ভিডিও দেখা, নির্দিষ্ট সময় পর মেসেজ ডিলিট করে দেওয়ার মতো বেশ কিছু নতুন সুবিধা আসবে। ইন্সটাগ্রামে নতুন সুবিধা ব্যবহারের আগে অনুমতি চাওয়া হবে ব্যবহারকারীর কাছ থেকে। দুটি একই সঙ্গে ব্যবহার করতে না চাইলেও দুটি অ্যাপ পৃথক পৃথকভাবে ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। ফেইসবুক জানিয়েছে, ফেইসবুক অ্যাকাউন্ট না থাকলেও এই সুবিধা ব্যবহার করতে পারবে ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা। আবার চাইলে পরিষেবাটি বন্ধ করেও রাখা যাবে। হোয়াটসঅ্যাপেরও এই তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। তবে এখনো সেটি জল্পনা-কল্পনার পর্যায়ে আছে। সোশ্যাল মিডিয়া ব্যবসা একচেটিয়াভাবে দখলে রাখতে চায় ফেইসবুক। যার কারণে একাধিক পদক্ষেপ নিয়ে এগোচ্ছে কোম্পানিটি।