দিনাজপুরের পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে জঙ্গলে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘুনুরঘাট এলাকা লাগোয়া পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া থেকে লাশটি উদ্ধার করেন মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এলাকাবাসী জানায়, রাস্তার দুই পাশে ঘন শালবন, বনের মাঝখানে ঘন জঙ্গল। সেই জঙ্গলে পড়ে ছিল হাত-পা বাঁধা আনুমানিক ২৫ বছর বয়সী তরুণীর লাশ। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে অন্য কোথাও ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা আরও জানায়, সকালে তারা অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ সড়কের পাশে জঙ্গলে পড়ে থাকতে দেখেন। মরদেহের মুখে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন। লাশ পড়ে থাকতে দেখে সেখানে শত শত মানুষ ভিড় জমায়। ওই নারীর পরনে ছিল সালোয়ার-কামিজ। ডান হাত ও একটি পা ওড়না দিয়ে গলার সঙ্গে বাঁধা অবস্থায় ছিল। এছাড়া অধিকাংশ দাঁত ছিল ভাঙা।
এলাকার বাসিন্দা আফসার আলী দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর লাশটি আমাদের এখানে ফেলে পালিয়ে যায়। দুষ্কৃতকারীরা তার দাঁতগুলো পর্যন্ত ভেঙে দিয়েছে।’
স্থানীয় ১০ নম্বর হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান শাহ্ দেশ রূপান্তরকে বলেন, ‘মহিলার পরনে ছিল সালোয়ার-কামিজ। ডান হাত ও একটি পা ওড়না দিয়ে গলার সঙ্গে বাঁধা অবস্থায় পাঁচপুকুর জঙ্গলে পড়ে ছিল।’
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘ঘটনাস্থলের পাশেই মধ্যপাড়া-রংপুর সড়ক। সম্ভবত বাইরে থেকে এনে তরুণীর লাশ সেখানে ফেলে রাখা হয়।’ তিনি আরও বলেন, ‘লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে কি না মেডিকেল রিপোর্ট না পেলে তা বলা যাবে না।’