দায়িত্ব পেলে ধর্ষণ শব্দটি জাদুঘরে পাঠাব : বিদিশা

সরকার আন্তরিক হলে ধর্ষণের মতো জঘন্য অপরাধ দেশ থেকে চিরতরে মুছে ফেলা সম্ভব বলে মনে করেন জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। দায়িত্ব পালনে সমর্থ না হলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিদিশা বলেছেন, প্রশাসনিকভাবে তার ওপর ক্ষমতা অর্পণ করলে তিন মাসের মধ্যে ধর্ষণ নির্মূল করবেন। গতকাল মঙ্গলবার ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেছেন বিদিশা।

বিদিশা বলেছেন, ‘আমি হলফ করে বলতে পারি, সরকার যদি আন্তরিক হয়, তাহলে ধর্ষণের মতো জঘন্য অপরাধ বাংলাদেশের বুক থেকে চিরতরে মুছে ফেলা সম্ভব। আসলে রাষ্ট্রযন্ত্র বিকল হয়ে গেছে, পচে গেছে রাষ্ট্রের সব সচল ইউনিটগুলো। কে কার কথা ভাবছেন? সবাই নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত। কে কাকে ধর্ষণ করল বা কে ধর্ষণের শিকার হলো তা জেনে লাভ কী?’

এ ধরনের অপরাধ দমন করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে উদ্দেশ্য করে বলছি, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনার ওপর ন্যস্ত। আপনি যদি তা পালন করতে ব্যর্থ হন, তাহলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। এভাবে আর কত তামাশা দেখবে জাতি? আপনাকে মনে রাখতে হবে, আপনি কোনো দলের দায়িত্ব পালন করার জন্যই এই আসনটিতে বসেননি, গোটা জাতির নিরাপত্তা আপনার হাতে। নিজের পরিবারের কথা, দেশের নিরীহ মানুষের কথা চিন্তা করে আপনাকে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা উচিত। আর যদি আপনি অপারগতা প্রকাশ করেন, তাহলে নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করুন।’

দায়িত্ব পেলে তিন মাসের মধ্যে ধর্ষণ নির্মূলের চ্যালেঞ্জ জানিয়ে বিদিশা বলেছেন, ‘গণমাধ্যমকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ ক্ষমতা বলে আমাকে মাত্র তিন মাসের প্রশাসনিক দায়িত্ব অর্পণ করুক, আমি বাংলাদেশ থেকে ধর্ষণ নামক শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিতে পারব বলে আমার বিশ্বাস। পরিশেষে বলতে চাই, মানববন্ধন আর মিটিং-মিছিল করে ধর্ষণ দমানো সম্ভব নয়। ধর্ষণ কমাতে হলে ধর্ষকদের সমূলে উৎপাটন করতে হবে।’