স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: পুলিশ সদস্যর যাবজ্জীবন

দিনাজপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় করা মামলায় নবীউল ইসলাম (২৩) নামে এক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) শরীফ উদ্দিন আহমেদ এই সাজা দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি নবীউল ইসলাম দিনাজপুর সদর উপজেলার মাতাসাগর পানুয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. জাফর আলীর ছেলে। এই মামলায় ১ জনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। অপর দুজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

২০১৩ সালের ২০ এপ্রিল দিনাজপুর শহর থেকে স্কুল শিক্ষার্থীকে নবীউলসহ আরও দুজন অপহরণ করে। অপহরণের পর ধর্ষণের শিকার হয় কিশোরী। পরে পুলিশের অভিযানে স্কুল শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় স্কুলশিক্ষার্থীর নানি নবীউল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় মামলা করেন। ২০১৪ সালে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেয়।

সাক্ষ্য-প্রমাণ শেষে আজ বিচারক মামলার রায় দেন। এই মামলার বাকি দুই আসামি খালাস পেয়েছেন।